শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্রীড়াঙ্গনের মনসুর আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১

সফিকুল হাসান সোহেল : নিপাট ভদ্রলোক ছিলেন মো. মনসুর আলী। গত ১১ মে মঙ্গলবার দিবাগতরাতে স্ট্রোক করে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজ ১২ মে সকাল ১১টায় ধোলাইরপাড় স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মনসুর আলী। ফুটবল, হ্যান্ডবল, কাবাডিসহ স্টেডিয়াম এলাকার সব খেলায় কাউকে না পেলেও মনসুরকে পাওয়া যেত। সেই মনসুর আর আসবেন না প্রিয় স্টেডিয়াম এলাকায়। কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন মনসুর। তার হার্নিয়ার সমস্যা ছিল। ৫০ পেরুনো মনসুর ক্রীড়াঙ্গনে তার জীবন অতিবাহিত করেছেন।

খেলার পেছনে সময় দিতে দিতে আর বিয়ের পিঁড়িতে বসা হয়নি মনসুরের। খেলোয়াড় ছিলেন না কিন্তু খেলার প্রতি ছিল অদম্য নেশা ও ভালোবাসা। নিজের নামে গড়েছিলেন ক্লাব মনসুর স্পোর্টিং। ফুটবলের পাশাপাশি হ্যান্ডবল, কাবাডিসহ আরও কয়েকটি ডিসিপ্লিনে খেলত এই ক্লাব। নিজের অর্থ, সময় ও শ্রম ব্যয় করে চালাতেন ক্লাব। তার ক্লাব থেকে অনেক খেলোয়াড়ের সৃষ্টি হয়েছে। তিনি সব কিছু ছাপিয়ে চলে গেলেন। ক্রীড়াসংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি তৃণমূল সংগঠক হিসেবে এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম দেশের ফুটবলে অবদানের জন্য ফুটবল যোদ্ধা হিসেবে ২০১৮ সালে সম্মান জানায়। নিজের ক্লাবের একটি জয়ের খবর ছাপানোর জন্য কতটা পরিশ্রম করতেন মনসুর ভাই। যা অনেকের কাছে কল্পনারও বাইরে। কোন ক্লান্তি নেই। বিরক্তি নেই। গাঁটের টাকা খরচ করতেন ছেলেদের পেছনে। সেই খবর ছাপাতে মিনতি করতেন। কখনো ছাপানো হতো। আবার কখনো পুরনো নিউজ বলে ডাস্টবিনে ঠাঁই হতো। আচরণে নম্র-ভদ্র এই মানুষটি খুবই সাধারণ পোশাকে থাকতেন। খেতেন পান। পুরো মুখ থাকত লালে-লাল।

ক্রীড়াঙ্গনে নতুন আগতদের স্নেহ ও সম্মানে কাছে টানতেন। ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ছিল তার গভীর সখ্যতা। বিশেষ করে ক্রীড়াঙ্গনের কোনো সাফল্যে মনসুর স্পোর্টিংয়ের অভিনন্দন বার্তা পৌঁছে দিতেন সাংবাদিকদের কাছে। সেই মনসুরের জন্য ক্রীড়াঙ্গনের বইছে শোকের বার্তা। কথাবার্তায় মিশে থাকত অদ্ভুত এক সারল্য। হয়তোবা এ কারণেই ৫০ বছরের জীবনে প্রাপ্তি-অপ্রাপ্তির জটিল হিসাবের খাতা খুলতে রাজি ছিলেননা। খেলায় খেলায় সারাবেলা কাটিয়ে বিয়েটাও করেননি। নিজেই বলেছিলেন, বিয়ে করার সময় কই। এই খেলা…ওই খেলা। এভাবেই খেলার দুনিয়ায় নিজেকে উৎসর্গ করে মনসুর আলী হয়ে উঠেছিলেন ব্যতিক্রমী এক চরিত্র।

খেলাটাই তার নেশা। নেশার টানে ঘুরে বেড়াতেন এখানে সেখানে। কখনো গ্রামের মেঠো পথে, কখনো জেলার কোনো এক স্টেডিয়ামে। কোনো খেলোয়াড়কে মনে ধরলে ঢাকায় নিয়ে আসতেন। এরপর নিজের দলে রাখতেন বা কোনো কর্মকর্তার হাতে পায়ে ধরে অন্য ক্লাবে হয়তো ঢুকিয়ে দিতেন মনসুর। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন খেলার ফেরিওয়ালা। ১৯৮৭ সালে নিজের নামে প্রতিষ্ঠা করেছেন মনসুর স্পোর্টিং ক্লাব, মনসুরের ভিজিটিং কার্ডে আছে সেটার বর্ণনা। গর্বিত কণ্ঠে বলতেন, এখন তো ছয়টি (আইটেম) ডিসিপ্লিন চালাই, ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, টিটি, ব্যাডমিন্টন ও রাগবি। ভালোবাসতেন আবাহনী, আর্জেন্টিনা, মেসি। লেখাপড়া ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। বেড়ে উঠেছিলেন পুরোনো ঢাকার সিদ্দিক বাজারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD