দেশের জনগণের চিকিৎসা সেবা আরও সহজ করতে পূর্ণাঙ্গ নিউরো সায়েন্স সেন্টার চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এর আওতায় সার্বক্ষণিক মস্তিষ্কের বিভিন্ন ধরনের সমস্যার অপারেশনসহ বিভিন্ন এক্সিডেন্ট বা ট্রমার সকল রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতালের নিউরো সাইন্স সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী।
রোববার (১ নভেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সাধারণ জনগণের কথা ভেবে গণস্বাস্ব্য নগর হাসপাতাল মেরুদন্ডের সমস্যা, সেরিব্রাল পালসি, পিএলআইডি, স্ট্রোক, প্যারালাইসিস, ডিমেনশিয়া, পারকিনসন ডিসিজসহ বিভিন্ন স্নায়ুবিক রোগের সফল চিকিৎসা ও অপারেশন স্বল্প খরচে করার ব্যবস্থা রেখেছে এই নতুন ও পূর্ণাঙ্গ নিউরো সাইন্স সেন্টারে।
যে সকল রোগীর রোগ ধরা পড়ছে না, যারা শয্যাশায়ী, যেসব বয়োবৃদ্ধদের হাঁটা-চলা করতে সমস্যা, ভারত বা সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে যেসব রোগীদের চিকিৎসা করতে রাজি হয়নি, তাদেরকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিউরো সাইন্স সেন্টারে শতভাগ সুচিকিৎসা দেওয়া হচ্ছে।
যেকোনো জায়গায় চিকিৎসা সেবা নিতে গিয়ে সর্বশান্ত হওয়ার আগে গণস্বাস্থ্য নিউরো সাইন্স সেন্টারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
লাইটনিউজ