ময়মনসিংহের গফরগাঁওয়ে কোরবানির ঈদে বিক্রয়ের অপেক্ষায় খামার মালিকদের প্রায় ২২ হাজার গরু-ছাগল রয়েছে। তবে কঠোর লকডাউন ও বিধিনিষেধের কারণে গরু-ছাগলের হাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন খামার মালিকরা। এ অবস্থায় প্রাণী সম্পদ অধিদপ্তর ‘অনলাইন কোরবানির পশুর হাট’ নামে একটি ফেসবুক পেইজ খুলেছেন। ইচ্ছে করলে খামার মালিকরা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে গরুর সংখ্যা, আয়তন, ওজন, মূল্য ও মোবাইল নম্বর উল্লেখ করে ওই পেইজে পোস্ট করলে ক্রেতারা ফোন করে গরু-ছাগল ক্রয় করতে পারবেন। এ ছাড়া আরো একটি অনলাইন কোরবানির পশুর হাট রয়েছে। সেটি জেলা প্রশাসক নিয়ন্ত্রণ ও পরিচালনা করছেন।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নে ৮৩টি গরুর খামারে প্রায় সাড়ে ১৩ হাজার গরু এবং ১৫১টি ছাগলের খামারে প্রায় সাড়ে ৮ হাজার ছাগল রয়েছে কোরবানির ঈদে বিক্রয়ের জন্য। এ ছাড়া ব্যক্তিগতভাবে অনেকে কোরবানির ঈদে বিক্রয়ের জন্য গরু-ছাগল মোটাতাজা করেছেন। কিন্তু কঠোর লকডাউনের কারণে গরু-ছাগলের হাট বন্ধ থাকায় বিক্রয় করতে পারবেন কি-না সেই শঙ্কায় খামার মালিকরা হতাশ হয়ে পড়েছেন। কোনো কোনো খামার মালিক ব্যক্তিগতভাবে ফেসবুকে পোস্ট করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আবার অনেকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে ‘অনলাইন কোরবানির পশুর হাটে’ যুক্ত হচ্ছেন।
উপজেলার কুরচাই গ্রামের ভাই ভাই এগ্রো ফার্ম লিমিটেডের মালিক ও স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, একদিকে লকডাউনের কারণে গরু-ছাগলের হাট বন্ধ থাকায় গরুগুলো বিক্রয় করতে পারব কিনা আল্লাহই জানেন। অন্যদিকে খাবারের মূল্য বস্তা প্রতি ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছি। অনলাইনে বিক্রয়ের সুযোগ হলে অবশ্যই খামার মালিকরা বেঁচে যাবে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মামুনুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার অনলাইন পশুর হাট নিয়ে একটি জুম মিটিং হয়েছে। এতে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার স্যার, ডিসি-এসপি স্যার, সকল এডিসি, সকল উপজেলা চেয়ারম্যান, সকল ইউএনও-মেয়র মহোদয়গণ যুক্ত ছিলেন। আলোচনায় অনলাইন কোরবানির পশুর হাটের জন্য স্থানীয়ভাবে মাইকিং ও মসজিদগুলোতে মাইকে ঘোষণার মাধ্যমে প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।