গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রেশমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী মঞ্জু মিয়াকে (৩৯) আটক করেছে পুলিশ।
রোববার (৭ ফেব্রুয়ারি) উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মঞ্জু মিয়া ওই গ্রামের নঈম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, মঞ্জু কিছুটা মানসিক ভারসাম্যহীন। মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে স্ত্রীকে মারধর করতেন। মানসিক সমস্যার কারণে রোববার সকালে কোন কারণ ছাড়াই স্ত্রীর ওপর চটে যান মঞ্জু। এ সময় ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করে। এতে মাথার হার ভেঙে মগজ বেরিয়ে যায় রেশমার। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মারা যান রেশমা।
খবর পেয়ে পুলিশ ঘাতক স্বামী মঞ্জু মিয়াকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে দেয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত কুড়াল তার চায়ের দোকানের খড়ির স্তুপ থেকে উদ্ধার করে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
লাইটনিউজ