ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় রিফাত মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলার গৌরীপুর-বেখৈরহাটি আঞ্চলিক সড়কর মিরিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার (২৮ জুন) দুপুরে রিফাত বাড়ি থেকে সাইকেল যোগে গৌরীপুর শহরে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই হ্যান্ডট্রলী সাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হয় রিফাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক গাড়িটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।