‘সুন্দরবন রক্ষা’ ও ‘ওয়াসার সুপেয় পানি’ এর দাবিতে আন্দোলন করে সাড়া জাগানো ঢাকার জুরাইনের বাসিন্দা মো. মিজানুর রহমান মিজান এবার চা শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা শুরু করেছেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে শুরু করা এ পদযাত্রা শেষ হবে ঢাকায় গিয়ে।
আজ বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখার সময় তিনি নরসিংদী জেলায় অবস্থান করছিলেন।
তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আমার সমর্থন জানাতে এ পদযাত্রা।
আমি আমার কাজটা করে যাচ্ছি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত নেবে। ’
গত সোমবার থেকে শুরু হওয়া এ পদযাত্রা ঢাকার শ্রম মন্ত্রণালয়ে গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে শাহবাগে সমাবেশ করা হবে।
মাথায় ‘মাথাল’ দিয়ে ও একটি প্ল্যাকার্ড হাতে মিজানুর রহমান গতকাল বুধবার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসেন। সেখানকার একটি আবাসিক হোটেলে রাত্রিযাপন করেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে আবার তিনি হেঁটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ফাঁকে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মিজান জানান, ‘চা শ্রমিকদের আন্দোলন দেখতে তিনি গত ১৪ আগস্ট মৌলভীবাজারে আসেন। সেখানকার চা শ্রমিকদের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারেন যে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় মজুরি বাড়ানো বিষয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে গত সোমবার চুনারুঘাটের চানপুর চা বাগান থেকে পদযাত্রা শুরু করেন তিনি। ‘
তিনি বলেন, ‘এ কর্মসূচির প্রতি সাধারণ মানুষের সমর্থন পেয়েছি। মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে তারা শ্রমিকদের কষ্ট বুঝতে পেরেছেন। শুক্রবার নরসিংদী একটি সমাবেশ করার চিন্তা করা হচ্ছে। লোকজন পেলে তাদের উদ্দেশ্যে কিছু বলব। ’