চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় অবৈধ ইঞ্জিনচালিত আলমসাধু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
শনিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
এঘটনায় শিশুসহ আরো পাঁচজন মারাত্বকভাবে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহীতে রেফার্ড করেন।
নিহত মনোয়ারা খাতুন আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের মৃত ইয়ামিন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালীয়া গ্রামে আলমসাধু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকসহ ছয়জন যাত্রী মারাত্বক আহত হয়। পথচারীরা আহতদেরকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বৃদ্ধা মনোয়ারা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় মাথা ও বুকে আঘাত পাওয়ায় চিকিৎসধীন অবস্থায় মনোয়ারা খাতুনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি।