শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

জ্বালানি তেলের মজুত আছে ১ মাসের: মন্ত্রিপরিষদ সচিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

জ্বালানি তেলের ১ মাসের মজুত আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত ও সরবরাহ আছে উল্লেখ করে গতকাল মঙ্গলবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু বলেছেন, ‘তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ ছিলো। কিন্তু তেল কেনার পরিমাণ ও সঞ্চয় প্রবণতা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সময়ের আগেই তেল শেষ হয়ে গেছে। ক্রেতাদের এমন প্রবণতায় আমাদের কী করার আছে? আমরা বারবার বলছি তেল আছে, সবাই তেল পাবেন। তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে?’

জ্বালানিমন্ত্রী আরও বলেন, ‘ঈদের মধ্যে যে সবাই বাড়িতে গেলো, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ হয়েছে? ঈদটা গেলো, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হইছে? তাহলে আমার মনে হয় যে এখন কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষকে বোঝাতে হবে। অকারণে মজুত করার কোনো দরকার নাই। সংকট তো আমরা তৈরি করি নাই। আমরা আমদানি করি। পৃথিবীতে একটা গোলমাল লেগেছে, সে জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে ইকবাল হাসান মাহমুদ চৌধুরী বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় দেখে না। সেটি এনার্জি কমিশন দেখে। আমরা এখনো দাম বাড়াইনি।’

মানুষ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। আপনি কালকেও বলেছেন যে আসলে তেলের সংকট নাই, তাহলে মানুষ তেল পাচ্ছে না কেন- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‌‘সমস্যাটা হচ্ছিলো যে সকালবেলা আগে যেমন ট্যাংক-লরি ওরা ভরতো, সারাদিন বিক্রি করেও তেল উদ্বৃত্ত থাকতো। কিন্তু ওরা এ রকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ডিপোগুলো থেকে তেল ট্রাক দিয়ে ভরতে টাইম লাগে, এজন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে তেল থাকে না, পরে তো থাকে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD