দেশের জ্বালানি মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে জাতীয় সংসদে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে এ নিয়ে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করে বিরোধী দলকেও পাঁচজনের নাম দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমান বলেন, জ্বালানি পরিস্থিতি এখন বৈশ্বিক সমস্যা, যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধীদলীয় নেতা ও বিরোধী দলকে অনুরোধ করব তারাও যদি পাঁচজনের নাম দেন, তাহলে এই ১০ জন ব্যক্তি বসে বিষয়গুলো আলোচনা করতে পারে।
তিনি বলেন, কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছে আসলে এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত পাঁচ সদস্য হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। কমিটির সুপারিশ যাতে বাস্তবায়নের মুখ দেখতে পারে, সেজন্য এই কমিটিতে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সভাপতি করার প্রস্তাব করা হচ্ছে।
এর আগে বুধবার জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার প্রস্তাব দেন। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকেও কিছু পরামর্শ আছে, সেগুলো নিয়ে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে।
বৃহস্পতিবার সেই প্রস্তাবের জবাবে সংসদ নেতা পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন এবং বিরোধী দলকে সমসংখ্যক সদস্য দিতে অনুরোধ জানান। সংসদ নেতার এই ঘোষণার পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকেও দ্রুত নাম দেওয়া হবে।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকার ও বিরোধী দলের এ ধরনের সহযোগিতার বার্তায় জনগণের মনে ‘অনেক আশা সঞ্চার’ হয়েছে।