রাজধানীর প্রবেশ পথে তুরাগ নদীর ওপরে টঙ্গী আবদুল্লাপুর সংযোগ ব্রিজ দুটি যেন প্রতিনিয়তই মৃত্যুফাঁদে পরিণত হতে যাচ্ছে। কিছুদিন আগে একটি সেতুতে যান চলাচল বন্ধ হলেও, টঙ্গী থেকে উত্তরা প্রবেশের জন্য ঝুঁকি নিয়ে গত মঙ্গলবার পর্যন্ত হাজার হাজার পরিবহন চলাচল করেছে এই সেতু দিয়ে। বুধবার মধ্য রাতে এই সেতুর চলাচলের একটি অংশ ভেঙ্গে পড়লে কর্তৃপক্ষ মেরামত না করে, লোহার শিট দিয়ে ঢেকে দেয়।
গতকাল বৃহস্পতিবার সকালে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তারা পরিদর্শনে এসে এই সেতুটি ও বন্ধ করে, এই সেতুর পাশের একটি বেইলি সেতু ও কামার পাড়া টঙ্গী সংযোগ সড়ক দিয়ে রোড ডাইভার্সন করেন।
এতে করে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী স্টেশন রোড, আব্দুল্লাহপুর থেকে বনানী এবং টঙ্গী সিলেট মহাসড়কে টঙ্গী থেকে মিরের বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথে যানজটের সৃষ্টি হয়। এতেকরে সাধারণ যাত্রীদের পাশাপাশি শিক্ষার্থীরাও পড়ে বিপাকে। তবে আজ ছুটির দিন তাই যানবাহনের চাপ তুলনামূলক কম হওয়ায় যানজট না থাকলেও, মহাসড়কে চলাচলরত বাহনগুলো চলছে খুব ধীর গতিতে। এর ফলে জনসাধারণের ভোগান্তি রয়েই গেছে।
এদিকে ফাটল ধরেছে ব্রিজের বেশকটি জায়গায়।যেকোনো সময় ঘটতে পারে বড় কোনও দুর্ঘটনা। বারবার অবগত করার পরেও কর্তৃপক্ষের নজর নেই অভিযোগ স্থানীয়দের। তবে নতুন করে সেতুর ভাঙ্গা অংশ মেরামত করার জন্য সেতু বিভাগের লোক দেখা গেলেও, এ বিষয়ে তারা কোন কথা বলেননি। সেতুর ভাঙ্গা অংশ মেরামত হলেও যান চলাচলের জন্য ঝুঁকি কিন্তু থেকেই গেল। তবে ব্রিজ দুটির বেহাল দশার বিষয়ে একাধিকবার জানতে চাইলেও কথা বলতে রাজি হয়নি সড়ক ও জনপথ বিভাগসহ সেতু বিভাগের কর্মকর্তারা।