শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

টানা দ্বিতীয়বার কমল জেট ফুয়েলের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশের বাজারে বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম আরও এক দফা কমিয়েছে। শনিবার (২৩ মে) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়। নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছে। একই সাথে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ মে প্রথম দফায় দাম কমানো হয়েছিল। সে সময় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়েছিল।

চট্টগ্রামের হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর এবং ভবিষ্যতে চালু হতে যাওয়া দেশের সকল বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দেশি-বিদেশি সকল এয়ারলাইন্সের জন্য এই নতুন মূল্য প্রযোজ্য হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD