রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

টিকা নিয়েছেন ইভানকা, চটেছেন ট্রাম্পভক্তরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকে গুরুত্ব না দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প কোভিড টিকা নিয়েছেন। তিনি নিজে টিকা নেওয়ার ছবি টুইটারে পোস্ট করে অন্যদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে ইভানকার টিকা নেওয়া ভালো চোখে দেখছেন না টিকাবিরোধী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের একটি অংশ। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

গেল তিনমাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব ছিলেন ইভানকা। তবে বুধবার টুইটারে নিজের টিকা নেওয়ার একটি ছবি আপলোড করেন ইভানকা। ছবির সঙ্গে তিনি লেখেন- আজ আমি টিকা নিলাম, আশা করি আপনারাও নিয়ে নেবেন।

টিকার পক্ষে ইভানকার উৎসাহ দেখানো এ টুইটের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ট্রাম্প সমর্থকদের একটি অংশ। ঘটনাটিকে একইসঙ্গে হতাশাজনক ও লোক দেখানো বলেও অভিহিত করেছেন তারা। টুইটারে ইভানকার টিকা নেওয়ার ঘটনাটির বিরোধিতা করছেন অনেকে।

ইনস্টাগ্রামেও অনেকে বিষয়টি নিয়ে লিখেছেন। ইভানকা করোনা ভাইরাসের টিকার প্রচারের কাজ করেছেন উল্লেখ করে সমালোচকরা লিখেছেন, তারা পরীক্ষাগারের ইঁদুর হতে চান না।

একজন লিখেছেন, ধন্যবাদ, যেহেতু বাঁচার সম্ভাবনা ৯৯ শতাংশ, তাই হয়তো আমিও বেঁচেই যাবো। এরসঙ্গে বিল গেটস থাকলেও আমি টিকা নেব না। আরেকজন লিখেছেন, ওহ না। এটা কেন পোস্ট করতে হলো?

আরেকজন লিখেছেন, টিকা নিয়ে আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা বন্ধ করুন দয়া করে।

প্রসঙ্গত, রিপাবলিকান সমর্থকদের মধ্যে টিকা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব চলছে মহামারির শুরু থেকেই। একটি জরিপে দেখা গেছে, ট্রাম্প সমর্থকদের ২৫ শতাংশ বলছেন তারা কখনোই করোনার টিকা নেবেন না আর ২১ শতাংশ বলছেন তারা টিকা নেওয়ার জন্য আরও এক বছর দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD