শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

টিটি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির বিকল্প নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান বলেছেন, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত প্রায় ২ হাজার শিক্ষককে পেশাগত দক্ষতা ও উন্নয়নের বাইরে রেখে মুজিববর্ষে শতভাগ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে না।

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এমপিও আন্দোলন ফোরামের এ মুখপাত্র বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায় ৭৫ শতাংশ প্রশিক্ষণের নেতৃত্বদানকারী এসব শিক্ষকদের জনবল কাঠামোর আওতায় আনার বিকল্প নেই।’

বুধবার (১০ ফেব্রুয়ারি) ‘মুজিববর্ষে এসডিজি-৪ বাস্তবায়নে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঝিনাইদহ বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় মিলনায়তনে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি এ সেমিনারের আয়োজন করে।

ড. নজরুল ইসলাম খান বলেন, সরকার অসংখ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ও জাতীয়করণের আওতাভুক্ত করেছে। মুজিবর্ষকে স্মরণীয় করে রাখতে হলে অনতিবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজকে ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালায়’ অন্তর্ভুক্ত করতে হবে।

একইসঙ্গে এসব কলেজে কর্মরত শিক্ষকদের দেশ-বিদেশের সব ধরনের ট্রেনিংয়ের আওতায় এনে শিক্ষকদের অধিক যোগ্য করে তুলতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সমিতির নির্বাহী সদস্য অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হোসেন প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD