গোপালগঞ্জ-পাটগাতী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করে টুঙ্গিপাড়ার পাটগাতী স্ট্যান্ড এলাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সড়কটিতে অবস্থান নেন।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পাটগাতীস্থ উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
টুঙ্গীপাড়া থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের (এডিশনাল এসপি) গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।