মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ করায় চীন ‘খুবই খুশি’।
তিনি বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি আর কখনোই অবরুদ্ধ হবে না।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া নতুন পোস্টে ওই মন্তব্য করেছেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিচ্ছি বলে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্য এবং বিশ্বের জন্যও করছি। এই পরিস্থিতির পুনরাবৃত্তি আর কখনোই হবে না।’’
মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে রাজি হয়েছে চীন। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট শি আমাকে একটি বড় ও উষ্ণ আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সাথে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি লড়াই করার চেয়ে ভালো নয়???’’
‘‘তবে মনে রাখবেন, যদি প্রয়োজন হয়, তাহলে আমরা লড়াই করতেও অত্যন্ত দক্ষ—অন্য যে কারও চেয়ে অনেক বেশি দক্ষ!!!’’