শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

ডিবি পরিচয়ে অর্থ লুট, গ্রেফতার ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

ডিবি পুলিশের পরিচয়ে ভিকটিমকে মামলার ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়া চক্রের প্রধানসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৪ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- মহসিন শেখ (৩০), আনিছুর রহমান (৫০), সেন্টু মুন্সি (৪০), জুয়েল মিয়া (৩০), শাহিন শেখ (২৫), মহব্বত শেখ (৩২), আবুল কালাম (৫০), সুলতান মোল্লা (৩৪), হেমায়েত শেখ (৫৫) ও কাইয়ুম শেখ (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ডিবির জ্যাকেট, ওয়ারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাপ ও পুলিশ লেখা স্টিকার উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় কখনও রিকশাচালক কখনও ফেরিওয়ালা সেজে এ চক্রের সহযোগিরা টার্গেট নির্ধারণ করেন। কথার ছলে সেই টার্গেট লোকজনদের বলেন তারা রাস্তায় বিদেশি রিয়েল পেয়েছেন। তিনি অশিক্ষিত মানুষ, কীভাবে এটা ভাঙাতে হয় জানেন না। রিয়েল ভাঙিয়ে দিলে বিনিময়ে কিছু টাকা দেবেন বলে প্রস্তাব দেন। রিয়েল ভাঙিয়ে দিলে চক্রের সদস্যরা ওই লোকটির ফোন নম্বর নেন। পরবর্তীতে যোগাযোগ করে তাদের কাছে আরও রিয়েল আছে এবং সেগুলো অর্ধেক দামে বিক্রি করবেন বলে জানান। এমন প্রলোভনে লোকটি রাজি হলে টাকা নিয়ে তাদের পছন্দমতো জায়গায় আসতে বলা হয়।

এদিকে চক্রের অপর একটি দল ভুয়া ডিবি পুলিশ সেজে নির্ধারিত স্থানে অপেক্ষা করতে থাকে। কথিত রিয়েলের মালিক রিকশাচালক বা ফেরিওয়ালা টাকার বিনিময়ে কাপড়ে মোড়ানো কাগজের বান্ডেল ধরিয়ে দিয়ে বলেন, পুলিশ আসছে তাড়াতাড়ি চলে যান। এ কথা বলে রিয়েল বিক্রেতা টাকা নিয়ে সটকে পড়েন।

কিন্তু ক্রেতা সামনে এগুতেই ওৎ পেতে থাকা ভুয়া ডিবি দলের সদস্যরা তাকে গাড়িতে উঠিয়ে নেন। এরপর তার কাছে অবৈধ রিয়েল আছে, তার বিরুদ্ধে মামলা/মিডিয়ায় প্রচার করার ভয় দেখিয়ে কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন বা অন্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেন। রিয়েল ক্রেতার কাছে এটিএম কার্ড থাকলে বুথ থেকে টাকা তুলে নেন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করে নেন। এরপর ভিকটিমকে সুবিধাজনক স্থানে নামিয়ে দিয়ে ভুয়া ডিবির দলটি চলে যায়।

গোয়েন্দার এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা শহর ছাড়াও বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকায় এই ধরনের অনেকগুলো অপরাধীদের দল আছে। অপরাধী চক্রের পলাতক ও অন্যান্য সদস্যদেরকে গ্রেফতারে অভিযান চলমান আছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD