বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সদ্য গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, তোমরা শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে। তোমরা স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মমুখী প্রোগ্রামে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছ সেই হিসেবে তোমাদের কর্মক্ষেত্রতুলনামূলকভাবে সম্প্রসারিত এবং অবারিত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, তোমরা তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে। মনে রাখবে এ ডিগ্রি অর্জনের মাধ্যমে এক বন্ধুর ও অমসৃণ পথে তোমাদের নতুন যাত্রা শুরু হলো। বিষয়ভিত্তিক ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হয়ে সক্ষমতা ও সম্ভাবনার শতভাগ কাজে লাগিয়ে তোমরা স্বনির্ভর
জনসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং উন্নত বাংলাদেশ গঠনের অংশীদার হবে।

তিনি বলেন, একটি কঠিন পথ অতিক্রম করে নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মাধ্যমে তোমরা সম্মানজনক সনদ অর্জন করেছ। তবে এর চেয়েও কঠিন পথ তোমাদের সামনে সমাগত, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই অপরিসীম ধৈর্য ও মেধাশক্তি কাজে লাগিয়ে সেই কঠিন পথ পাড়ি দিয়ে
কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাদের পৌঁছাতে হবে নিজেদের দক্ষতাগুণে এবং যোগ্যতা বলে কর্মজীবনে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহন করতে হবে।

সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য অধ্যাপক ফরিদুল আলম বলেন, তোমরা কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতার পরিচয় দেবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করবে। তোমরা শুধু কাজ করবে না, কর্মদক্ষ মানুষ তৈরিতেও সহায়তা
করবে এবং নিজেদের মাধ্যমে বিশ্বে সুনাম অর্জন করবে।

সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক অ্যান্থনি কস্টেলোসহ সনদপ্রাপ্ত শত শিক্ষার্থী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD