বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

তুরস্ক সফরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

তুরস্কের ঐতিহাসিক শহর আনতালিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী ‘পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে’ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে একটি বিশেষ ফ্লাইটে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।

তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭-১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ফোরামে অংশ নিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি।

ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া, পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশ নিতে আসা কয়েকটি দেশের বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাতের সুযোগ হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। সে সময় তিনি ভোট চাইতে তুরস্ক সফরে যান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দেয়ার পাশাপাশি এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারের সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD