ঢাকায় দন্ত্যচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. রিপন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৫ জুন) বিকেলে ঝালকাঠি জেলার নলছিটি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার।
তিনি জানান, গ্রেফতারকৃত মো. রিপন একজন পেশাদার ছিনতাইকারী। যে দলটি দন্ত্যচিকিৎসককে হত্যা করেছিল, রিপন তাদের দলনেতা। রিপনের নামটি আসে এ ঘটনায় আগে যারা গ্রেফতার হয়েছিলেন, তাদের তথ্য থেকে। রিপন এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছিনতাইকারীদের হাতে সংঘটিত চিকিৎসক হত্যার ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছে, বুলবুলের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে পাঁচজন মিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। বুলবুলের সঙ্গে ১২ হাজার টাকা ছিল।
বুলবুল হত্যায় আগে গ্রেফতার হওয়া চারজন হলো- আরিয়ান ওরফে হাফিজুল ওরফে হৃদয় (৩৯), সোলায়মান (২৩), রায়হান ওরফে আপন ওরফে সোহেল (২৭) ও রাসেল হোসেন হাওলাদার (২৫)।