রাজধানীর বাসাবাড়ির ময়লা সংগ্রহকারীরা সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে ময়লা সংগ্রহ বন্ধ করে দেয়া হবে।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বর্জ্য সংগ্রহকারীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারসের (পিডব্লিউসিএসপি) নেতারা এ ঘোষণা দেন।
বর্জ্য সংগ্রহকারীদের দাবিগুলো হচ্ছে, দরপত্রের মাধ্যমে বর্জ্য সংগ্রহকারী নিয়োগের সিদ্ধান্ত বাতিল, বর্তমানে নিয়োজিত বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের অনুমতি নবায়ন এবং বর্জ্য সংগ্রহের কাজ নবায়নের ক্ষেত্রে পিডব্লিউসিএসপি থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র পুনরায় চালু করা। এসব দাবি আগামী সাত দিনের মধ্যে মেনে না নিলে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেয় পরিচ্ছন্নতাকর্মীরা।
সংগঠনের সভাপতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রতিবছর বর্জ্য সংগ্রহকারীদের কাজের জন্য যে অনুমতি দেয়, ডিসেম্বরে এর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু নতুন নবায়ন স্থগিত করেছে। এ ছাড়া দরপত্রের মাধ্যমে বর্জ্য সংগ্রহকারী নিয়োগের উদ্যোগও নিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
লাইটনিউজ