উপমহাদেশে ক্রিকেট নিয়ে মাতামাতি একটু বেশিই হয়ে থাকে। কেউ ভালো করলে মাথায় তুলে নাচে, আবার খারাপ করলে সমালোচনা করতেও ছাড়েন না কেউ। পাকিস্তানের ক্রিকেটার সরফরাজ আহমেদকেও এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার কারণে দল থেকেই বাদ পড়ে যান! সরফরাজ তো বটেই, তার পরিবারকেও ছাড়েনি উগ্র সমর্থকেরা।
তাই নিজের ছেলেকে ক্রিকেটার বানাতে চান না সরফরাজ।
সাবেক পাকিস্তান অধিনায়কের ছোট্ট ছেলে আব্দুল্লাহর ব্যাট ধরা আর শট খেলার ধরন দেখে মঈন খান, সানিয়া মির্জারা প্রশংসা করেছেন। কিন্তু সরফরাজ পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্রিকেট খেলতে আবদুল্লাহ খুব পছন্দ করে। কিন্তু আমি চাই না সে ক্রিকেটকে পেশা হিসেবে নিক। সত্যি বলতে কি, একজন ক্রিকেটার হিসেবে আমি অনেক জায়গায় ভুগেছি। আমি চাই না আবদুল্লাহও তার জীবনে এগুলোর মুখোমুখি হোক। ‘
ছেলের ক্রিকেট দক্ষতা নিয়ে সরফরাজ আরও বলেছেন, ‘অনেকেই আমাকে বলেছে যে আবদুল্লাহ প্রতিভাবান। আমার উচিত তাকে ক্রিকেট খেলতে দেওয়া। মঈন ভাই আবদুল্লাহর স্কিলের প্রশংসা করেছেন। সানিয়া মির্জা একবার আমাকে বলেছে যে আবদুল্লাহর ক্রিকেটার হওয়ার প্রতিভা আছে। সেটাই যদি হয়, আমি চাই সে কঠিন পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করুক। আমার ছেলে বলে কেউ তার পথটা সহজ ও মসৃণ করে দেবে না। ‘