শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দিল্লিতে প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে করোনা টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে আঠারো বা তার অধিক বয়সিদের সবাইকে বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকা।

রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার এ ঘোষণা দেন। খবর এনডিটিভির।

কেজরিওয়াল বলেন, দিল্লিতে ১৮ বছর এবং তার চেয়ে অধিক বয়সিদের সবাইকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার।

এ লক্ষ্যে ইতোমধ্যে এক কোটি ৩৪ লাখ ডোজ করোনা টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী শনিবার থেকে শুরু হবে এই গণটিকাদান কর্মসূচি। যদি প্রয়োজন হয়, পরে আরও টিকার ডোজ কেনা হবে। টিকা কেনার কাজটি যতদ্রুত সম্ভব শেষ করে আমরা এই কার্যক্রম শুরু করতে চাই। আমাদের লক্ষ্য— দিল্লির সব প্রাপ্তবয়স্ক বাসিন্দাকে করোনা টিকার আওতায় আনা।

দিল্লি রাজ্যসরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু সরকারি হাসপাতালগুলোতেই বিনামূল্যে টিকা দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোতে যারা টিকা নেবেন, তাদের টিকা কেনার অর্থ ব্যয় করতে হবে।

ভারতে চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় পড়া রাজ্যগুলোর একটি হলো দিল্লি। গত প্রায় এক সপ্তাহ ধরে দিল্লিতে প্রতিদিন ৩০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

দিল্লির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে প্রতিদিন করোনা টেস্ট করাতে আসা প্রতি তিনজনের মেধ্যে একজন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হচ্ছেন।

আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে বাড়ছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, রোববার করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে মারা গেছেন ৩৫৭ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD