ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে উগ্র মৌলবাদী ধর্মান্ধরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের আর প্রতিহত নয়, এখন থেকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি বলেন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে নেতাদের ভাস্কর্য শোভা পাচ্ছে। কিন্তু আমাদের দেশে মৌলবাদীরা নিজেদের মতো ফতোয়া দিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বলছে। অসাম্প্রদায়িক রাষ্ট্রে এসব ধর্মান্ধদের শেকড় ওপড়ে ফেলা হবে।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট খোকা এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে দুপুর থেকেই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে জড়ো হয়।
পরে সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি রেলওয়ে সমাবেশস্থল থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।