বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ‘সৌর বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ প্রকল্পের একটি প্যাকেজের বিপরীতে টার্ন-কী পদ্ধতিতে নওগাঁয় ৩৫৫ সেট সৌর বিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪০ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকা।
সূত্র জানায়, নওগাঁ পবিস-২ এর অধীন ৩৫৫ সেট বিভিন্ন ক্ষমতার সৌর সেচ পাম্প স্থাপন কাজের ক্রয় প্রস্তাব বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ সরকার ও বাপবিবোর অর্থায়নে ৪০৭ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকার প্রকল্পটি ২০১৮ সালের ২৯ মে একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল ছিল ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত ‘প্রকল্প মূল্যায়ন কমিটির’ (পিইসি) সভায় প্রকল্পটির মেয়াদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়। প্রকল্পের আরডিপিপি অনুমোদন প্রক্রিয়াধীন আছে।
এ প্রকল্পের ডিপিপিতে ১০টি প্যাকেজে মোট ২ হাজারটি সৌর সেচ পাম্প স্থাপনের সংস্থান আছে। পরিকল্পনা কমিশনের সম্মতিক্রমে বাপবিবো প্যাকেজ সংখ্যা কমিয়ে ১০টির পরিবর্তে ৬টি প্যাকেজে ২ হাজারটি সৌর পাম্প স্থাপনের বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) তৈরি করেছে। এর মধ্যে প্যাকেজ নং-এসপিআইপি-ডব্লিউ-১ এবং ২ এর ক্রয় প্রস্তাব ২০২০ সালের ৮ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত হয়েছে। বাকি তিনটি প্যাকেজের ক্রয় প্রস্তাব উপস্থাপন প্রক্রিয়াধীন।
সূত্র জানায়, প্রকল্পটির অনুকূলে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ৩৫১ কোটি ২২ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ করা হয়েছে। ওই বরাদ্দ থেকে ব্যয় নির্বাহ করা হবে। আলোচ্য প্যাকেজের আওতায় বাপবিবো আন্তর্জাতিক উন্মুক্ত পদ্ধতিতে (এক ধাপ দুই খাম) দরপত্র আহ্বান করে। বাপবিবোর আলোচ্য প্রকল্পের ৩০ কোটি টাকার ঊর্ধ্ব মূল্যমানের টার্ন-কী দরপত্রগুলো মূল্যায়নের জন্য বিদুৎ বিভাগ থেকে একটি দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করা হয়। প্যাকেজ নং-এসপিআইপি-ডব্লিউ-৩ এর বিপরীতে ৭টি দরপত্র বিক্রি হয়। এরমধ্যে ছয়টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দরপত্রগুলো ২০১৯ সালের ১৩ নভেম্বর দরদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে উন্মুক্ত করা হয়।
দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) ছয়টি দরপত্রের কারিগরি মূল্যায়ন শেষে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করে। কারিগরি মূল্যায়নে চারটি প্রতিষ্ঠান রেসপনসিভ এবং দুটি প্রতিষ্ঠান নন-রেসপনসিভ হয়। রেসপন্সিভ দরদাতা প্রতিষ্ঠান বেঙ্গল সোলার জেভি অব পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড এবং আরএএসিএইচ জার্মানি সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সূত্র জানায়, কারিগরি মূল্যায়ন প্রতিবেদনের বিষয়ে এডিবি ২০২০ সালের ১৪ জানুয়ারি সম্মতি দেয়। পরবর্তী সময়ে কারিগরি মূল্যায়নে উত্তীর্ণ দরদাতাদের আর্থিক প্রস্তাবগুলো ২০২০ সালের ২০ জানুয়ারি উন্মুক্ত করা হয় এবং বিগত ২০২০ সালের ১ সেপ্টেম্বর আর্থিক মূল্যায়ন সম্পন্ন করা হয়।
আলোচ্য প্যাকেজের সুপারিশকৃত মূল্য দাপ্তরিক প্রাক্কলন ও ডিপিপি মূল্য অপেক্ষা যথাক্রমে ০.১৮ শতাংশ ও ৩২.৪৪ শতাংশ কম। গ্লোবাল ট্রেন্ড অনুযায়ী দরপত্র দাখিলের সময় সৌর বিদ্যুৎচালিত পাম্প সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট, বিশেষ করে সোলার প্যানেলের দর কম পাওয়ায় এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে প্রতিযোগিতার কারণে প্রাপ্ত দর ডিপিপি দামের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কম হয়েছে। প্রাপ্ত দরে দরপত্র মূল্যায়ন কমিটি চুক্তি সম্পাদনের সুপারিশ করে। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।