ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পুরাতন কোচ পরিবর্তন করে নতুন কোচ যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) এই নতুন কোচ দ্বারা আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন চলাচল উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
এদিকে, আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন এখন থেকে ১৬টি কোচ দ্বারা চলাচল করবে। এর মোট আসন সংখ্যা ৭৯৫টি।
সারাদেশের ট্রেন সার্ভিস বৃদ্ধি করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি জেলায় রেল লাইন করা হচ্ছে। এ সময় তিনি স্থানীয় নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম- ময়মনসিংহের মধ্যে চলাচলকারী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত চলাচল বাড়ানো হবে বলে জানান।
মন্ত্রী আরও বলেন, এ বছরের মধ্যে আমরা ৫০টি রেলওয়ে স্টেশন সংস্কার করছি। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ডিসেম্বরের মধ্যে সংস্কার করে আধুনিকায়ন করা হবে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর এমপি, সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।
লাইটনিউজ