মিয়ানমারের একটি জঙ্গলে নতুন প্রজাতির একটি বানর পাওয়া গেছে। এই প্রজাতির বানর সম্পর্কে বিজ্ঞানীদের জানা ছিল না।
বানরটির নামকরণ করা হয়েছে পোপা লাঙ্গুর। তবে এই প্রাণীটি বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। কারণ এই প্রজাতির সদস্য রয়েছে মাত্র ২০০টির মতো।
লাঙ্গুর হচ্ছে গাছের পাতা খায়, এমন ধরণের বানর। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোয় যে প্রজাতি দেখা যায়। এই প্রজাতির বানরটির বৈশিষ্ট্য হলো, এদের চোখে চশমাসদৃশ গাঢ় বর্ণের বৃত্তাকার রিং রয়েছে যা আলাদা করে চোখে পড়ে। আর এর গায়ের পশমের বর্ণ ধূসর।
জিন গবেষণায় দেখা গেছে, ১০ লাখ বছর আগে পৃথিবীতে যেসব বানর ছিল, তাদের চেয়ে এই পোপা লাঙ্গুর বানরের প্রজাতি আলাদা। আবাসস্থল ক্ষতি এবং শিকারের কারণে প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকি রয়েছে।
বুনো বানরের মল-মূত্র থেকে পাওয়া ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করে আসছিলেন, মিয়ানমারে বানরের নতুন প্রজাতি রয়েছে। যথেষ্ট তথ্যপ্রমাণ না পাওয়ায় তারা লন্ডন, লেইডেন, নিউইয়র্ক এবং সিঙ্গাপুরের প্রাকৃতিক ইতিহাসের জাদুঘরগুলোয় থাকা বানরের নমুনা সংগ্রহ করে করতে থাকেন।
মিয়ানমারে প্রথমদিকের অভিযাত্রীরা এসব নমুনা সংগ্রহ করেছিলেন, কিন্তু যেগুলো তেমনভাবে পরীক্ষানিরীক্ষা করা হয়নি।
সেই নমুনা থেকে পাওয়া ডিএনএ বুনো বানরের সঙ্গে যাচাই করে দেখার পর নতুন এই প্রজাতিটি শনাক্ত করা হয়।
সংরক্ষণবাদী গ্রুপ ফনা অ্যান্ড ফ্লোরা ইন্টারন্যাশনালের ফ্রাঙ্ক মোমবার্গ বলেছেন, বৈজ্ঞানিকভাবে এই বিশ্লেষণ বানরটির সুরক্ষায় কাজে আসবে। তিনি বলেন, পোপা লাঙ্গুর চরম বিপন্ন এবং বিলুপ্তির ঝুঁকিতে আছে। এই প্রজাতির মধ্যে যেগুলো বেঁচে আছে, সেগুলো রক্ষা করা গুরুত্বপূর্ণ। এগুলোর নিরাপত্তায় স্থানীয় কমিউনিটির পাশাপাশি প্রাইভেট সেক্টরের সহায়তাও নিতে হবে।
এখন এই প্রজাতির ২০০ থেকে ২৫০ প্রাণী বেঁচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জার্মান প্রাইমেট সেন্টারের প্রাইমেট জেনেটিক্স ল্যাবরেটরির ক্রিস্টিয়ানা রোস বলেছেন, এই প্রজাতির প্রাণী আবাসস্থানের ক্ষতি এবং শিকারের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। শিকারে থেকে বড় সমস্যা হলো তাদের আবাসস্থান প্রায় হারিয়ে যেতে বসেছে। মানুষের কারণে সেটা কমে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
এই আবিষ্কারের তথ্য জুলজিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
লাইটনিউজ