ফের ফরাসি লিগ ওয়ানের শীর্ষে উঠে গেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। তবে পয়েন্ট তালিকার রাজত্বে ফেরাটা মোটেই সহজ ছিল না কোচ মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যদের জন্য। তার আগে প্রতিপক্ষ অ্যাঙ্গার্সের মাঠ থেকে ১-০ গোলের ঘাম ঝরানো জয় নিয়েই ফিরতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।
৭০তম মিনিটে ডিফেন্ডার লেভিন কুর্জায়া ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন নেইমারদের। আর এতেই তাদের অজেয় থাকার রেকর্ডটা ১৭ ম্যাচে নিয়ে গেল প্যারিসের এ জায়ান্ট ক্লাবটি।
পোচেত্তিনো অবশ্য সাইডলাইনে ছিলেন না। কেননা টটেনহ্যামের সাবেক এ কোচ আছেন স্বেচ্ছা-অন্তরণে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছেন এখন তিনি।
অলিম্পিক লিওঁ’র চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে তালিকার শীর্ষে অবস্থান করছে পিএসজি। এক ম্যাচ কম খেলে লিঁও’র পুঁজি ৪০ পয়েন্ট।
লাইটনিউজ