নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ফাহাদ হোসেন (১১) নামে এক সাইকেল আরোহী শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় করিম মিয়া (৫৫) নামে আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোতাহের জানান, আজ সকালের দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী করিম মিয়া একটি বাইসাইকেলযোগে ফাহাদকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। যাত্রা পথে তাদের সাইকেলটি আশরাফ বেপারীর বাড়ির সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি ট্রাক তাদের সাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় ফাহাদ। পরে আশঙ্কাজনক অবস্থায় করিম মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।