শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

পঞ্চগড়ে ৭০০ স্কুলছাত্রী পেল বাইসাইকেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার স্কুল থেকে দূরের দরিদ্র ও মেধাবী ৭০০ ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য বাইসাইকেল দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। মুজিববর্ষ উপলক্ষে জেলার পাঁচ উপজেলায় এলজিএসপি ৩ প্রকল্প থেকে সকল ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৭ শ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। বাল্যবিবাহ রোধ ও নারীশিক্ষাকে আরো এগিয়ে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার শিক্ষার উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে। বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। একই সাথে উপবৃত্তিসহ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। এর পাশাপাশি স্থানীয় সরকারের মাধ্যমে নারীশিক্ষার প্রসারে এই বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। আমরা চাই নারীরাও যেন সময়ের সাথে তাল মিলিয়ে সম অধিকার নিয়ে এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD