নওগাঁর পত্মীতলায় মধুইল-আগ্রাদ্বিগুন সড়কের ঝলকাহার মোড়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হলেন- উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২)। এই ঘটনায় তার ভাই সুবাষ চন্দ্রও (২৫) আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, শুক্রবার রাত ৮টার দিকে দু’ভাই মোটরসাইকেলযোগে উপজেলার মধুইল বাজার থেকে নিজ বাড়ি মহিমাপুর ফিরছিলেন। পথে ঝলকাহার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বড়ভাই অলিত চন্দ্র মারা যান এবং ছোটভাই সুবাষ চন্দ্র মারাত্মক জখম হয়। বর্তমানে সুবাষ চন্দ্র রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, বড়ভাই অলিত চন্দ্রের লাশ শনিবার সকাল ১১ টায় সৎকার করা হয়। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহত অলিত চন্দ্রের মামা নিরঞ্জন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।