রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে মাছটি ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
বুধবার (০৩ নভেম্বর) সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট চর-কর্নেশনা এলাকার পদ্মা নদীর মোহনা থেকে জেলে জয় হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে জয় হালদার বলেন, বুধবার খুব ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে সকাল ৭টার দিকে আবার জাল ফেললে সকাল ৮টার দিকে জাল তুলতেই দেখি বিশাল আকৃতির একটা বাঘাইড় মাছ জালে আটকা পড়েছে।
তিনি আরও বলেন, মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসলে সেখান থেকে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দাম করলে তাকে মোট ৩০ হাজার টাকায় মাছটি দিয়ে দেই।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বাঘাইড় মাছের অনেক চাহিদা রয়েছে। তাই আমি মাছটি কিনে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দিয়েছি।