চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে উদ্ধার ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৮।
বুধবার রাতে এই ১৮ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে অনেকে সাঁতরে, আবার কেউ কেউ নদীতে ভাসতে ভাসতে নৌকায় উঠেন। এর আগে আরও ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল সাতটা থেকে ফায়ার সার্ভিস শিবগঞ্জ উপজেলা ইউনিট ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
প্রসঙ্গত, গতকাল ইউনিয়নের পাকার বোগলাউড়ি থেকে দশরশিয়া ঘাটে যাওয়ার পথে মাঝনদীতে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।