পাকিস্তান সফররত অস্ট্রেলিয়াদলের একের পর এক খারাপ খবর আসছেই। জশ ইংলিশের পর এবার অ্যাশটন অ্যাগার করোনায় আক্রান্ত হয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার কভিড পজিটিভ হওয়ায় অস্ট্রেলিয়া এখন ভীষণ চাপে পড়ে গেছে।
এই দুজনকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে হবে অজিদের। শুধু দুই ক্রিকেটারই নন, অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট ব্রেন্ডন উইলসনও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বাকি প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। এ ছাড়া চোটের কারণে মিচেল মার্শকেও পাবে না অস্ট্রেলিয়া। গতকাল সোমবার অনুশীলনে হিপ ফ্লেক্সের পেশিতে চোট পেয়েছিলেন মার্শ।
অজি দলটির জন্য আরো দুঃসংবাদ হলো, কনুইয়ের সমস্যার কারণে স্টিভেন স্মিথও ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন। স্বাভাবিকভাবে দল গড়তে বেশ সমস্যায় পড়েছে অজি ক্রিকেট ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে দুজন স্পিনার খেলানোর পরিকল্পনা করেছে। সে ক্ষেত্রে মিচেল সুইপসনের অভিষেক হতে পারে। কুইন্সল্যান্ডের ব্যাটার ম্যাট রেনশকেও পাকিস্তানে উড়িয়ে নেওয়া হয়েছে।