রাজধানীর উপকণ্ঠ মাতুয়াইলে একটি পেট্রলপাম্পে তেল নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এতে মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র হচ্ছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এমন চিত্র দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন।
তিনি বলেন, মাতুয়াইলে একটি পাম্পে তেল নেওয়ার সময় গাড়ির সিরিয়াল বড় হয়ে মহাসড়কে চলে আসে। এর মধ্যে তীব্র বৃষ্টি থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়। আমাদের কয়েকজন সদস্য রাস্তায় থাকলেও পরিস্থিতি সামলে উঠতে পারছেন না।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুয়াইল এলাকায় একটি পাম্পে জ্বালানি তেল নেওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন—বিশেষ করে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি আগেভাগেই সারিবদ্ধভাবে দাঁড়াতে শুরু করে।
একপর্যায়ে পাম্পের ভেতরে জায়গা না থাকায় গাড়ির লাইন মহাসড়কে উঠে আসে। এতে ঢাকামুখী লেনের একটি বড় অংশ কার্যত দখল হয়ে যায় এবং স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে।
মহাসড়কের ওই অংশে ধীরগতিতে চলতে থাকা গাড়িগুলো একসময় প্রায় স্থবির হয়ে পড়ে। ফলে মাতুয়াইল, সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর হয়ে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।