নরসিংদীর মনোহরদীতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে রাকিব (২১) হত্যার ৯ দিন পর মারা গেলেন বাবা সিরাজ উদ্দিন। বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত সোমবার রাতে ১০টার দিকে মনোহরদী উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে রাকিব হত্যার ঘটনা ঘটে। সিরাজ উদ্দিনের স্ত্রী রেনুজা বেগম বাদী হয়ে ঘাতক সাইফুল ইসলাম (২২), তাঁর মা নাছিমা বেগম (৪০) এবং খালা তাছলিমা বেগম (৩৮) কে আসামি করে মনোহরদী থানায় হত্যা মামলা করেন।
পুলিশ অভিযান চালিয়ে তিনজনকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
জানা যায়, বাদী রেনুজা বেগমের মেয়ে তামান্না (৮) এবং আসামি তাছলিমার মেয়ে নাদিয়া (৭) স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। তারা একসঙ্গে যাতায়াত করত। গত রবিবার বিকেলে মাদরাসা থেকে ফেরার পথে তামান্না খেলার ছলে নাদিয়াকে ছুরতা পাতা (গায়ে লাগালে চুলকানি হয় এমন পাতা) লাগিয়ে দেয়। পরে নাদিয়া বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানায়। এতে তাছলিমা ক্ষিপ্ত হয়ে তামান্নার বাড়িতে গিয়ে গালাগাল করে। পরদিন (সোমবার) রাত ১০টার দিকে তাছলিমা, তার বোন নাছিমা এবং ভাগ্নে সাইফুল ধারালো অস্ত্র নিয়ে বাড়ির অদূরে সিরাজ উদ্দিনের দোকানে এসে পুনরায় গালাগাল করতে থাকে। তাঁদের গালাগাল শুনে সিরাজের ছেলে রাকিব ও ভাতিজি পাপ্পি আক্তার ঘটনাস্থলে আসেন। পরে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে সাইফুল উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে পাপ্পির পেটে আঘাত করে। পাপ্পিকে রক্ষা করতে সাইফুলের হাত ধরতে যায় রাকিব। এ সময় নাছিমা এবং তাছলিমা রাকিবকে জাপটে ধরলে সাইফুল ছুরি দিয়ে তার বুকে উপর্যুপরি আঘাত করে। রাকিবকে বাঁচাতে তাঁর বাবা এগিয়ে আসলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পিকে সেখানে ভর্তি করেন এবং রাকিব এবং তাঁর বাবাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রাকিব মারা যায়। গুরুতর আহত সিরাজ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।