শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।

বিবৃতিতে মালিক সমিতি সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করার নির্দেশ দিয়েছে।

মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে।

এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।

এর আগে, ১৮ এপ্রিল রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন এই দাম ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD