মেধা আর পরিশ্রম তো রয়েছেই, তবে জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের ভাগ্যটাই দারুণ। সিনেমার মতো রাজনীতিতেও তার অভিষেক হলো রাজকীয়ভাবে। ‘হঠাৎ বৃষ্টি’র মতো সিনেমা দিয়ে যেমন সিনেমার দুনিয়া কাপিয়েছিলেন শুরুতে, তেমনি রাজনীতিতে এসেও পাচ্ছেন ভিআইপি ট্রিটমেন্ট।
প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। আর শুরুতেই ক্ষমতাসীন নৌকার মাঝি হয়ে গেলেন তিনি। তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
শুধু তাই নয়, আসন হিসেবে পেয়েছেন ঢাকা-১০। ধানমন্ডির মতো উন্নত অঞ্চলের এমপি পদে লড়ছেন তিনি। ভোটযুদ্ধের মাঠে নতুন হলেও প্রচার প্রচারণায় বেশ দক্ষতার ছাপ রেখেছেন ফেরদৌস।
আজ নির্বাচনের দিনেও ফেরদৌস অন্যতম আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কারণ তার আসনেরই ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভোটগ্রহণ শুরু হয় শেখ হাসিনার ভোট প্রদানের মাধ্যমে।
একটু আগেই প্রধানমন্ত্রীর ভোট দেওয়া নিয়ে গণমাধ্যমকে ফেরদৌস আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন, আমি আরাফাতকে ভোট দিয়েছি। এটি অসাধারণ অনুভূতি। আজ ভোট একটি উৎসবে রূপ নিয়েছে।’