দেশে চলছে কঠোর লকডাউন। এরই মধ্যে চলে এসেছে কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ১৫-১৬ দিন। গত বছরের মতো এবারও ঈদের আগে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। ফলে কোরবানির পশুর হাট নিয়ে জনমনে বেড়েছে উৎকণ্ঠা। খামার থেকে গবাদিপশু হাটে ওঠানো ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। তবে শঙ্কা উড়িয়ে দিচ্ছে অনলাইনে ফেসবুক কোরবানির হাট। খামারিদের চিন্তামুক্ত করতে ফেসবুকে পশু বেচার প্লাটফর্ম গড়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে জানা গেছে, ফেসবুকে পশু বেচা-কেনা করতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগ নিয়েছে। ‘পশুরহাট, আদমদীঘি, বগুড়া’ নামের একটি ফেসবুক গ্রুপ খুলে সেখানে উপজেলার খামারিদের যুক্ত করা হচ্ছে। সেই গ্রুপে তারা নানা ধরনের পশুর ছবি দিয়ে বর্ণনা ও পশু মালিকের ফোন নম্বর যুক্ত করে আপলোড করছেন। কোনো ক্রেতা চাইলে তাকে লাইভে পশু দেখানোর ব্যবস্থাও রেখেছেন তারা। এরই মধ্যে অনলাইনে বেচাবিক্রি শুরু হয়ে গেছে। শুধু তাই নয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এখন পশুর মালিকরাও অনলাইনে ফেসবুক পেজ এবং গ্রুপ খুলে পশু বিক্রি শুরু করেছেন। অনলাইনে পশু বেচা-কেনা করোনা সমংক্রমণরোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সচেতন ক্রেতা-বিক্রেতারা।
উপজেলার সান্তাহার পৌর এলাকার খামারি ফুল মোহাম্মদ সবুজ জানান, এবছর তিনি খামারে ৩২টি কোরবানির পশু প্রস্তুত করেছেন। প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে পুষ্টিকর খাবার- খৈল, গম, ভুষি, ছোলাসহ সবুজ ঘাস খাইয়ে খুব সহজেই গরুগুলো মোটাতাজা করেছেন। তবে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে লকডাউন চলায় এসব গরু বেচা নিয়ে শঙ্কায় ছিলেন। অনলাইনে গরু বেচতে প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্যোগ লক্ষ করে নিজেও ফেসবুকে প্রচারণা শুরু করেন। এখন খামারে অনেকেই গরু দেখতে আসছেন। তিনি আরো জানান, গরুগুলোর মধ্যে শখ করে সবচেয়ে বড় ও বেশি ওজনের গরুটির নাম রেখেছেন তুফান। সেটির ওজন প্রায় ১১০০ কেজি। দাম চান ৮ লাখ টাকা। এছাড়াও ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি ও ব্রাহামাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় গরু রয়েছে তার খামারে।
উপজেলার আরেক খামারি জাহাঙ্গীর আলম জানালেন, লকডাউনের কারণে তার পোষা গরু ও ছাগলটি হাটে নেওয়া থেকে যখন বিরত রয়েছেন। এমন সময় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের লোকজন এসে তার পশুগুলোর ছবি তুলে এবং মোবাইল নম্বর নিয়ে গেছেন। পরে তাদের ফেসবুক গ্রুপে আপলোড দেওয়ায় এখন এসব পশু কিনতে অনেকেই ফোন করতে শুরু করেছেন। ফলে পশুগুলো বেচা নিয়ে তিনি এখন চিন্তামুক্ত।
কোরবানির পশু ক্রেতা অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, হাট যখন বন্ধ তখন অনলাইনে বা ফেসবুকে পশু কেনাবেচার উদ্যোগ নিঃসন্দেহে ভালো। সোমবার সকালে ফেসবুক খুলে দেখলাম খামার থেকেই গরু বিক্রি করার ইচ্ছে পোষণ করে স্ট্যাটাস দিয়েছেন এক খামারি। সেখানে একটি গরু পছন্দ হওয়ায় বুকিং দিয়ে এখন দেখতে যাচ্ছি। দামে হলে কোরবানির জন্য নিয়ে আসবো।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার কামরুন্নাহার আকতার জানান, এ উপজেলায় ২৪০০ খামারি রয়েছে। এবার তারা কোরবানির জন্য তারা গরু, ছাগল, ভেড়া, গ্যারোল ও মহিষ মিলে প্রায় ২৫ হাজার পশু প্রস্তুত করেছেন। এগুলোর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এসব খামারিরা অনেকেই বাড়ি থেকে তাদের পশু বিক্রি শুরু করছেন। আর যাদের পশু বিক্রি হচ্ছে না বা করতে পারছেন না তাদের পশু অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।