২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট। নির্বাচনের পরের দিন (২ অক্টোবর) বাগেরহাটের শরণখোলার মৃতভাষা ডিগ্রি কলেজে ঘটে ন্যাক্কারজনক এক ঘটনা। সেদিন ওই কলেজের অধ্যক্ষের কক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ভেঙে ফেলা হয়েছিল চরম অপমানজনকভাবে।
আর এই ছবি অবমাননার কাজটি করেছিলেন বলে অভিযোগ সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হিসেবে যোগদানকারী ছাত্র শিবিরের প্রভাবশালী নেতা মো. কামরুল ইসলামের বিরুদ্ধে। বর্তমানে তিনিই সেই কলেজের অধ্যক্ষের চেয়ারে আসীন (চলতি দায়িত্ব)। তার মাথার ওপরেও এখন শোভা পাচ্ছে সেই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি। তবে, তা শ্রদ্ধাভরে নয়, তাচ্ছিল্লের সঙ্গে। ছবি দুটি জানালার পর্দার পাইপের সঙ্গে রসি দিয়ে ঝোলানো অবস্থায় রয়েছে। আওয়ামী লীগ সরকারের এই সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এখনো অবমাননা করে চলেছেন। অথচ, তৎকালীন সেই শিবির নেতা (বর্তমানে জামায়াতের সক্রিয় সদস্য) জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কিভাবে অধ্যক্ষের দায়িত্ব পেলেন তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার অবসরে যাওয়ার আগমুহূর্তে জ্যেষ্ঠতার মূল্যায়ণ না করেই তড়িঘড়ি করে চলতি বছরের ১৫ জানুয়ারি জামায়াত নেতা কামরুল ইসলামকে দায়িত্ব দিয়ে সরে যান। সেই থেকে প্রায় সাত মাস অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন তিনি। এর পরও তাকে চলতি দায়িত্ব থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ারও পায়তারা করছেন জামায়াতপন্থী প্রভাবশালী একটি মহল।
এখানেই শেষ নয়! সেদিন ছবি নামিয়েই ক্ষান্ত ছিলেন না শিবির নেতা কামরুল ইসলাম। পিয়ন (এমএলএসএস) আফজাল হোসেনকে নির্দেশ দিয়েছিলেন ছবি দুটি কলেজের পেছনের লেকে ফেলে দিতে। ক্ষমতার পালাবদলে আফজালও ছিলেন ভীতসন্ত্রস্ত। নির্দেশ মোতাবেক ছবি দুটি লেকের দিকে নিয়ে যাচ্ছিলেন আফজাল। এই ন্যাক্কারজনক দৃশ্য পাশে দাঁড়িয়ে অবলোকন করছিলেন ওই সময়ের স্থানীয় আওয়ামীল নেতা ও কলেজের প্রধান অফিস সহকারী মো. রেজাউল ইসলাম নান্নু। ভয়ে কঠোরভাবে প্রতিবাদ করার সাহস পাচ্ছিলেন না। করুণ কণ্ঠে শুধু বলেছিলেন ছবি দুটি আর কয়েকটা দিন না হয় থাকুক!
তবে, প্রতিবাদ করতে না পারলেও অফিস সহকারী রেজাউল ইসলাম সেদিন ছবি দুটি লেকে ফেলতে দেননি পিয়নকে। জাতির পিতা আর তার কন্যা শেখ হাসিনার ভাঙা ছবি দুটি তিনি অতি গোপনে পিয়নের কাছ থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। ২০বছর ধরে সেই ভাঙা ছবি দুটি তিনি সংরক্ষণ করছেন। স্ব-যত্নে ছবি দুটি তার ঘরে বেধে রেখেছেন আজও।
গত ১৩ জুলাই দুপুরে ধানসাগর মাতৃভাষা কলেজ পরিদর্শনে গিয়েছিলেন শরণখোলা প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল। তখন অধ্যক্ষের দায়িত্বে থাকা মো. কামরুল ইসলামসহ দুই জন প্রভাষক এবং একজন আয়াকে পাওয়া যায় কলেজে। অধ্যক্ষের কক্ষে ঢুকেই দৃষ্টি চলে যায় পেছনে টাঙানো ছবির দিকে। ২০ বছর পর এসেও সেই অবমাননার ছাপ। তবে ধরণটা একটু ভিন্ন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পাশাপাশি থাকার কথা। কিন্তু সেভাবে রাখা হয়নি। দুটি ছবির মধ্যে কমপক্ষে দেড় ফুট ফারাক। তাও আবার ঝোলানো হয়েছে জানালার পর্দার পাইপের সঙ্গে।
এরপর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সেই ভাঙা ছবির সন্ধানে ছুটে যাওয়া হয় কলেজ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ধানসাগর পথের হাট নামক স্থানে প্রধান অফিস সহকারীর বাড়িতে। জরাজীর্ণ ঘর। সেই ঘরের এক কোণে একসঙ্গে বাধা রয়েছে ছবি দুটি। দেখতে চাইলে খুলে টেবিলে ওপর রাখেন তিনি।
এ সময় ঘটনার বর্ণনা দেন মো. রেজাউল ইসলাম নান্নু। তিনি বলেন, ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের পরের দিন সকাল সাড়ে ৯টার সময় প্রভাষক কামরুল ইসলাম কলেজে প্রবেশ করে সরাসরি অধ্যক্ষের কক্ষে চলে যান। ঢুকেই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির দিকে ইশারা করে বলেন, এই দুইটা এখনো এখানে কেন? ধমকের সুরে পিয়ন আফজালকে ডেকে ছবি দুটি নামানোর নির্দেশ দেন। তখন আমি কামরুল স্যারকে ছবি দুটি আর কয়েকদিন রাখার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু শোনেননি। পরে আফজাল ছবি দুটি নামিয়ে তার (কামরুলের) হাতে দিলে তিনি সজোরে মেঝেতে ফেলে দেন। এরপর কলেজের পেছনের লেকে ফেলে দিতে বলেন পিয়নকে।
প্রধান অফিস সহকারী রেজাউল ইসলাম নান্নু বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সারাজীবন আওয়ামী রাজনীতি করে এসেছি। জাতির পিতার ছবির অপমান সইতে খুব কষ্ট হচ্ছিল সেদিন। ছবি দুটি যখন লেকে ফেলে দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল, তখন কৌশল করে গোপনে আমি পিয়নের কাছ থেকে তা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সেই থেকে ভাঙা ছবি দুটি স্মৃতি হিসেবে যত্ন করে রেখেছি।
এমএলএসএস আফজাল হোসেন বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে কামরুল স্যার অধ্যক্ষের রুমে গিয়ে আমাকে ডেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নামাতে বলেন। স্যারের কথামতো পরে আমি ছবি নামিয়ে তার হাতে দেই।
স্থানীয় ৫নম্বর বড়পরি-ধানসাগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, শিবির ক্যাডার কামরুল বিএনপির আমলে জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কলেজ থেকে নামিয়ে ভাঙচুর করেছেন। তিনি এখনো সক্রিয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার এই কলেজের অধ্যক্ষ হওয়ার কোনো অধিকার নেই। তাকে দায়িত্ব দেওয়া হলে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করব।
চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, এ জাতীয় কোনো ঘটনাই ঘটেনি। জাতির জনকের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। তার ছবি ভাঙচুর করারতো প্রশ্নই আসে না। আমি যাতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে না পারি সেজন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাছাড়া, ২০বছর পর এসে এই ধরণের অভিযোগ, এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।
কলেজ পরিচালনা পর্ষদরে সভাপতি আব্দুল হক হায়দার বলেন, জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের বিষয়টি আমি বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি। করোন মহামারীর কারণে আমি ঢাকায় অবস্থাকালে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমার অনুপস্থিতিতে সিনিয়রিটি না মেনে কামরুল ইসলামকে চলতি দায়িত্ব দেন। এটা অত্যন্ত দুঃখজনক। ঈদের পরে সভা করে সরকারি বিধি অনুযায়ী এবং যিনি সিনিয়র আছেন, তাকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে। ওই সভায় স্থায়ী অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, বিএনপি আমলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরকারী সেই কলেজে অধ্যক্ষের দায়িত্ব পাওয়া অনভিপ্রেত। সংশ্লিষ্টদের এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
জানতে চাইলে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, স্বাধীনতাবিরোধী কাউকে অধ্যক্ষ পদে বসানো হবে না। জতির জনক ও প্রধানমন্ত্রী ছবি ভাঙচুর করার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।