মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে গ্যাসবেলুন সিলিন্ডার বিস্ফোরণে আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফনান মোল্লা (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার রাজধানী ঢাকার মগবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে মারা গেল জাহিদুল ইসলামসহ দুজন। নিহত আফনান মোল্লা রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
অপর নিহত দোকানি জাহিদুল ইসলাম ফরিদপুরের নগদরকান্দা উপজেলার কাউচাইল এলাকার মোস্তফা মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি সরকারি বিদ্যালয় ভোটকেন্দে বুধবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটকেন্দ্রের পুকুর পাড়ে ভ্রাম্যমাণ বেলুন বিক্রি করেন দোকানি জাহিদুল। দোকানে ভিড় করে শিশু-কিশোররা। বেলা ১১টার দিকে বেলুনে গ্যাস দেওয়ার সময় ঘটে সিলিন্ডার বিস্ফোরণ। এতে ঘটনাস্থলেই মারা যান দোকানি জাহিদুল। এ সময় দুজনের পা বিচ্ছিন্নসহ আহত হয় অন্তত তিনজন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ঢাকায় পাঠানো হয়।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।