যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে বাব আল-মানদাব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি বলেছেন, যদি তারা প্রণালিটি বন্ধ করে দেন তাহলে পুরো মানবজাতি ও জ্বিন মিলেও এটি খুলতে পারবে না।
জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব আল-মানদাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে।
ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সৌদি আরব লোহিত সাগর ব্যবহার করে নিজেদের জ্বালানি বহির্বিশ্বে সরবরাহ করেছে।
হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী রোববার (১৯ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে লিখেছেন, “আমরা যদি বাব আল-মানদাব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে পুরো মানবজাতি ও জ্বিনেরও এটি খোলার কোনো ক্ষমতা থাকবে না।”
“ফলে, ট্রাম্পের এবং তার সহযোগীদের জন্য ভালো হবে এখনই সেসব কাজ বন্ধ করে দেওয়া, যেগুলো শান্তিকে বাধাগ্রস্ত করে। এছাড়া আমাদের জাতি ও জনগণের অধিকারের জন্য প্রয়োজনীয় সম্মান তাকে দেখাতে হবে।”
বাব আল-মানদাবের মধ্য দিয়ে লোহিত সাগরে যায় জাহাজগুলো। এরপর সেগুলো মিসরের সুয়েজ খাল পাড়ি দিয়ে অপরপ্রান্তে চলে যায়।
এই প্রণালিটি সবচেয়ে সরু পয়েন্টটি ২৯ কিলোমিটার চওড়া।
সূত্র: আলজাজিরা