লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক রিফাত হোসেনের (৩২) মরদেহ গত ৭ দিনেও ফেরত পায়নি পরিবার। নিহত ছেলের মুখ শেষবারের মতো দেখতে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি, ইউনিয়ন চেয়ারম্যান নবিবর রহমান, বিজিবির কোম্পানি কমান্ডার, থানা-পুলিশের কাছে গিয়েও কোন লাভ হয়নি রিফাতের পরিবারের।
নিহত রিফাত হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী এলাকার দিনমজুর ইসলাম হোসেনের ছেলে। সে একজন গরু ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, মঙ্গলবার (২৯ জুন) সকালে ৮-১০জন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে গরু আনার চেষ্টা করেন। এসময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রিফাত হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরে রিফাতের লাশ উদ্ধার করে বিএসএফ নিয়ে যায়।
এ নিয়ে ওই দিন বিকেলে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ও বিজিবি গুলিতে যুবক হত্যার ব্যাপারে গভীর তদন্তপূর্বক পরবর্তীতে আবারও বৈঠকে বসার সিদ্ধান্তে একমত হয়। কিস্তু গত সাত দিন অতিবাহিত হলেও আর কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি এবং বিএসএফ লাশও ফেরত দেয়নি।
নিহতের বাবা ইসমাইল হোসেন বলেন, ‘আমার ছেলে বিএসএফের গুলিতে সীমান্তে মারা গেছে। ছেলের লাশের জন্য কয়েকদিন ক্যাম্পে যাই। ক্যাম্পের বিজিবি সিও’র (অধিনায়ক) সাথে কথা বলতে বলে। বিজিবির (সিও) আমাদের মোবাইল রিসিভ করেনা। ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাই। নিরুপায় হয়ে এমপি সাহেবের কাছেও গেয়েছি। তিনি কোম্পানি কমান্ডার ও সিও’র সাথে মোবাইলে কথা বলেছিল। কিন্তু এখন পর্যন্ত ছেলের মুখ দেখতে পারব কিনা বলতে পারছিনা। আমি ছেলের লাশ চাই। মুখ দেখে কবর দিতে চাই। শুনেছি ভারতের মাথাভাঙ্গা হাসপাতাল মর্গের হিম ঘরে রিফাতের লাশ রাখা হয়েছে।
এ বিষয়ে রংপুর ৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন বলেন, ‘ এ নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আবারও হবে।’