মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী একদিনেই ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান রাজধানীতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

বিদেশ সফরে ব্যস্ত পাকিস্তানের শাসকগোষ্ঠী, আড়ালে দেশের ভয়াবহ সংকট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বিদেশ সফর, কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারে ব্যস্ত পাকিস্তানের শাসকগোষ্ঠী। অথচ দেশটির অভ্যন্তরে বাড়ছে দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরতা ও বেকারত্ব। শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকটও দিন দিন প্রকট হচ্ছে। দেশের এসব মৌলিক সমস্যা সমাধানে সরকারের যথেষ্ট উদ্যোগ না থাকলেও বিদেশি যোগাযোগ ও আন্তর্জাতিক তৎপরতাকে রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরার প্রবণতা বাড়ছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনে প্রকাশিত এক নিবন্ধে এমন চিত্র তুলে ধরেছেন দেশটির সাবেক কূটনীতিক মালিহা লোদি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত নিবন্ধে বলেছেন, দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলার চেয়ে শাসকগোষ্ঠীর কাছে বিদেশ সফর ও আন্তর্জাতিক যোগাযোগ বেশি গুরুত্ব পাচ্ছে।

নিবন্ধে বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ভূরাজনৈতিক সুবিধা ও অর্থনৈতিক সহায়তা আদায়ের চেষ্টা করছে পাকিস্তান সরকার। কিন্তু এর আড়ালে দেশের কাঠামোগত অর্থনৈতিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় সংস্কার পিছিয়ে পড়ছে।

মালিহা লোদির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্বল বা বিতর্কিত নির্বাচনী বৈধতার ওপর নির্ভরশীল সরকারগুলো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার ঘাটতি পূরণের চেষ্টা করে। বিদেশ সফর এবং বিশ্বনেতাদের সঙ্গে ছবি তোলাকে রাজনৈতিক সাফল্য হিসেবে প্রচারের প্রবণতাও এ কারণে বাড়ে। ফলে পাকিস্তানের মন্ত্রীদের অনেকেই দেশের তুলনায় বিদেশে বেশি সময় কাটাচ্ছেন।

অন্যদিকে, দারিদ্র্য, ক্ষুধা, শিক্ষার অভাব, অপুষ্টি ও স্বাস্থ্যসেবার সংকটের মতো বিষয়গুলো ক্ষমতাসীন অভিজাত শ্রেণিকে সরাসরি প্রভাবিত করে না। এ কারণে এসব সমস্যা সমাধানে সরকারের তেমন তাগিদ দেখা যাচ্ছে না বলে মনে করেন লেখক।

গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বিদেশি ইস্যু

পাকিস্তানের গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মালিহা লোদি। তাঁর মতে, দেশটির টেলিভিশন চ্যানেলগুলো মূলত সরকারের কর্মকাণ্ড ও আন্তর্জাতিক ঘটনাবলি ঘিরেই সংবাদ এবং আলোচনা প্রচার করছে।

বিদেশ সফর কিংবা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা তুলনামূলক সহজ হলেও দেশের জটিল আর্থসামাজিক সমস্যা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন ও গভীর বিশ্লেষণের ঘাটতি রয়েছে। সরকার ও বিরোধী দলের রাজনৈতিক বিরোধ গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেলেও অর্থনৈতিক ও সামাজিক সংকট নিয়ে আলোচনা বেশিক্ষণ স্থায়ী হয় না।

পাকিস্তানে দারিদ্র্যের হার বেড়ে ২৯ শতাংশ

নিবন্ধে বিশ্বব্যাংকের তথ্য তুলে ধরে বলা হয়েছে, পাকিস্তানে জাতীয় দারিদ্র্যের হার ২০১৮-১৯ অর্থবছরের ২২ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ২৯ শতাংশে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে গঠিত মেনাপ অঞ্চলের ২৩টি দেশের দরিদ্র মানুষের প্রায় অর্ধেকই পাকিস্তানের।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিসাব অনুযায়ী, দেশটির ৩৮ দশমিক ৩ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

দারিদ্র্যের এমন পরিস্থিতি মোকাবিলায় সরকার কেন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, সে প্রশ্নও তুলেছেন লেখক। অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচিকে সরকারের সীমাবদ্ধতার কারণ হিসেবে দেখানো হলেও দারিদ্র্য কমাতে রাজস্ব আয় বাড়ানো, কর ফাঁকি বন্ধ, সম্পদের যথাযথ ব্যবহার এবং বিদ্যুৎ চুরি রোধের মতো উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এসব পদক্ষেপে আইএমএফ কোনো বাধা তৈরি করে না বলেও উল্লেখ করা হয়েছে নিবন্ধে।

ক্ষুধা ও অপুষ্টিতে ঝুঁকিতে শিশুরা

পাকিস্তানে খাদ্যনিরাপত্তাহীনতাও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের তথ্য অনুযায়ী, বিশ্বের যে ১০টি দেশে লাখ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে রয়েছে, পাকিস্তান তার একটি। সংস্থাটির ‘নো সিকিউরিটি উইদাউট ফুড সিকিউরিটি’ শীর্ষক প্রতিবেদনেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানকে ক্ষুধায় সবচেয়ে বেশি প্রভাবিত দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অর্থনৈতিক অস্থিতিশীলতা, মূল্যস্ফীতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটির খাদ্যনিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে শিশুদের ওপর। পাকিস্তানে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪০ শতাংশ শিশু খর্বকায়। অপুষ্টির কারণে এসব শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

বিদ্যালয়ের বাইরে আড়াই কোটি শিশু

শিক্ষা খাতের পরিস্থিতিকেও পাকিস্তানের অন্যতম বড় জাতীয় সংকট হিসেবে তুলে ধরেছেন মালিহা লোদি। দেশটিতে পাঁচ থেকে ১৬ বছর বয়সী প্রায় আড়াই কোটি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। বিদ্যালয়বহির্ভূত শিশুর সংখ্যার দিক থেকে বিশ্বে পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। এসব শিশুর অর্ধেকের বেশি মেয়ে।

এ ছাড়া দেশটির ৩৭ শতাংশ মানুষ এখনো নিরক্ষর। বিপুলসংখ্যক মানুষকে শিক্ষার বাইরে রেখে কোনো দেশের পক্ষে টেকসই অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব নয় বলে মনে করেন লেখক।

কর্মসংস্থানের বাইরে তরুণদের বড় অংশ

পাকিস্তানের জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী দেশটির অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়নের বড় শক্তি হতে পারত। কিন্তু শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় তাদের বড় একটি অংশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

গ্যালাপের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাকিস্তানে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের ৩৭ শতাংশ শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নয়। নারীদের ক্ষেত্রে এ হার ৬২ শতাংশ। অর্থাৎ বিপুলসংখ্যক তরুণ উৎপাদনশীল কর্মকাণ্ডের বাইরে রয়েছে।

মালিহা লোদির মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। অথচ সরকারের উদাসীনতায় শিক্ষা, স্বাস্থ্য ও মানব উন্নয়ন খাতের পরিস্থিতির অবনতি হচ্ছে। দেশের অধিকাংশ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি না হলে বিদেশি যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা দিয়ে প্রকৃত অর্থে কোনো সুফল পাওয়া সম্ভব নয়।

নিবন্ধের শেষাংশে লেখক সতর্ক করেছেন, বিদেশ সফরের চাকচিক্য দিয়ে দেশের মানুষের দারিদ্র্য, ক্ষুধা ও সামাজিক বঞ্চনার বাস্তবতা আড়াল করা যাবে না। পাকিস্তানের শাসকগোষ্ঠী ও গণমাধ্যমের উচিত আন্তর্জাতিক ঘটনাবলির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সংকটকে অগ্রাধিকার দেওয়া। কারণ, পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারিত হবে দেশের ভেতরের পরিস্থিতির ওপর, বিদেশের কূটনৈতিক যোগাযোগের ওপর নয়।

লেখক: মালিহা লোদি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত।

সূত্র: ডন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD