রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ব্যক্তিগত জীবন নিয়ে ভাইরাল হতে চাই না: মিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

গত ২৪ নভেম্বর বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটি ভারতে মুক্তি পায়। একই সঙ্গে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। শুক্রবার সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তি উপলক্ষে শনিবার যমুনা ব্লকবাস্টার সিনেমাসে আয়োজন করা হয় মানুষ সিনেমার বিশেষ প্রদর্শনীর। সেখানে ভাইরাল ইস্যু নিয়ে নিজের কথা বলেন মিম।

এই অভিনেত্রী বলেন, ‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে কখনই ভাইরাল হইনি। ভবিষ্যতেও হতে চাই না। আমার মনে হয়, কাজের মাধ্যমে যদি ভাইরাল হওয়া যায় সেটাই ভালো। আমার অভিনীত ‘পরাণ’ যখন রিলিজ হলো, তখন সব জায়গায় সিনেমাটি ভাইরাল হয়েছিল। সিনেমা দেখতে মানুষ হলে গিয়েছেন। গানগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে। সিনেমাটি নিয়ে সবাই কথা বলেছেন। এরকমভাবে পজিটিভ কোনো কিছু নিয়ে ভাইরাল হওয়া ভালো।’

মিম বাংলাদেশের হলে ভারতের সিনেমা মুক্তির বিষয়েও কথা বলেছেন।

এই ঢালিউড তারকা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সব বড় সিনেমা দুই ঈদকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে। ঈদের সময় ছাড়া বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা সেভাবে কেউ করছে না। এ কারণেই ভারতের সিনেমা ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে। যদি বাংলাদেশে নিয়মিত নতুন সিনেমা আসতে থাকে তাহলে হলমালিকরা আমাদের দেশের সিনেমাই দেখাবেন। তবে আমি মনে করি, আমাদের দেশের সিনেমাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। ঈদের সময় যেমন ভারতীয় সিনেমা মুক্তি না দেওয়ার নিয়ম রয়েছে, তেমনি অন্য সময়েও দেশের সিনেমা মুক্তি পেলে সেটাকেই প্রাধান্য দেওয়া দরকার।’

‘মানুষ’ সিনেমা নিয়ে মিম বলেন, ‘বাইরের দেশে অনেক বড় অভিনয়শিল্পীরাও বিশেষ চরিত্রে অভিনয় করছেন। কারণ সেই চরিত্রগুলোর গুরুত্ব থাকে। অনেক সময় দেখা যায় সেই চরিত্রই গল্পের মোড় ঘুরিয়ে দিচ্ছে। আমাদের দেশেও যদি এ ধরনের চরিত্রের অফার আসে এবং সেটা আসলেই বিশেষ চরিত্র হয়, তাহলে অবশ্যই সেই চরিত্রে অভিনয় করব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD