আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছে না দেশটি। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের দেহে নতুন করে এই ভাইরাস ধরা পড়েছে। মারা গেছেন আরও ৩ হাজার ৯১৫ জন।
এ নিয়ে ভারতে করোনার মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৫৯৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৬ লাখ ১২ হজার ৩৫১ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন এবং এখনও ৩৬ লাখ ৪৫ হাজার ১৬৪ জন রোগী চিকিৎসাধীন আছে।
দেশটিতে এখন পর্যন্ত ১৬ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৫৮ জন মানুষকে করোনা টিকা দিয়েছে বলে জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এদিকে ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এদিন এ রাজ্যে ৮৫৩ জন মারা গেছেন। এদিকে উত্তরপ্রদেশ, দিল্লি ও কর্নাটকে ৩০০ জনেরও বেশি করে করোনা রোগী মারা গেছেন। করোনা সংক্রমণ বাড়া কেরালা ও মধ্য প্রদেশে লকডাউন জারি করা হয়েছে।