শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ভোটে এসে বিএনপি সহায়তা চাইলে পাবে: ইসি আলমগীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

এক দফার আন্দোলনে থাকা বিএনপি নির্বাচনে এসে সহায়তা চাইলে তা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

ইসি আলমগীর বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব, আমাদের সহায়তা করেন, তাহলে অবশ্যই আমরা সহায়তা করব। তবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের না। যেসব দল নির্বাচনে অংশ নেবে, তাদের জন্য যত রকম চেষ্টা করা তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ প্রশাসনেরর ভূমিকা নিয়ে কোনো অভিযোগ এলে এবং তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট এবং তথ্যবহুল হতে হবে।

আরেক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, চিরকাল সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের ওপর অভিযোগ করে। এটা ১৯৭০ সাল থেকে আমি দেখে আসছি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দলসহ ১০টি দল ইতোমধ্যে জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে বলে জানিয়েছে। তারা ইতোমধ্যে তাদের প্রার্থী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু করেছে।

তবে বিএনপিসহ বেশ কিছু বিরোধী দল শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে এখনো অনড় রয়েছে। তারা তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনে রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD