শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ভ্যাকসিন নিয়ে যেন বাণিজ্য না হয়: জিএম কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

করোনা প্রতিরোধে তিন কোটি ডোজ ভ্যাকসিন বুকিং দিয়েছে সরকার। প্রত্যেককে দুটি করে ডোজ দিতে হয়, তাই তিন কোটি মানুষ পাবেন নাকি দেড় কোটি মানুষ তিন কোটি ভ্যাকসিন পাবেন তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (১২ ডিসেম্বর) জাপার বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সভার এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাকি ১৪ থেকে ১৫ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা কি হবে দেশের মানুষ তা জানতে চায়। দেশের ৯০ শতাংশ মানুষ ভ্যাকসিন কিনতে পারবেনা, সাধারণ মানুষ বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। করোনা ভ্যাকসিন নিয়ে যেন কোন মহল বাণিজ্য করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। আবার নকল ভ্যাকসিনে যেন সয়লাব না হয়, সেজন্যও সতর্ক থাকতে হবে। করোনা প্রতিরোধের ভ্যাকসিন একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তাই ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা পরিষ্কার নয়।

তিনি বলেন, প্রতিটি দুর্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বারবার বলা হয় সবকিছু প্রস্তুত করা হয়েছে কিন্তু বাস্তবে দেখা যায় সব কিছু এলোমেলো। তাই করোনা ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে কারা টিকা পাবেন তার একটি তালিকা প্রস্তুত করা জরুরি।

জিএম কাদের বলেন, গোয়েবলসীয় তত্ত্বে একটি মিথ্যা বারবার প্রচার করে সত্যের মতো তৈরি করা হয়। সাবেক সফল রাষ্ট্রনেতা হুসেইন মুহম্মদ এরশাদ-এর বিরুদ্ধে গোয়েবলসীয় তত্ত্বে অপপ্রচার করা হয়েছে। হাইকোর্ট তাকে বৈধ রাষ্ট্র প্রধান স্বীকৃতি দিয়েছেন। বৈধ রাষ্ট্রনায়ক হিসেবেই ৯০ সালে ক্ষমতা হস্থান্তর করেছেন। ষড়যন্ত্রমূলকভাবে এবং গায়ের জোরে স্বৈরাচার বলা হয়েছে।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলে দেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এরশাদ-এর শাসনামলে দেশ কখনোই দুর্ণীতে চ্যাম্পিয়ন হয়নি। বিএনপি যৌথ বাহিনী এবং র‌্যাব গঠন করার মাধ্যমে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালু করেছে। সেই ধারাবাহিকতা এখনো চলছে। কিন্তু জাতীয় পার্টির শাসনামলে কোন বিচার বার্হিভূত হত্যাকাণ্ড ছিলনা। আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছিনা, আমরাই দেশের মানুষকে সুশাসন ও আইনের শাসন উপহার দেবো।

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দেশের ছাত্র রাজনীতি কলুষিত করেছে। ছাত্র সংগঠনগুলোকে তাদের লেজুরবৃত্তি করতে বাধ্য করেছে। ছাত্র সংগঠনগুলোকে পেটোয়া বাহিনীতে পরিণত করেছে। ছাত্রদের দলবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার জন্য বিএনপি ও আওয়ামী লীগ দায়ী।

জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েল সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন। সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান মেজর.অব. আব্দুস সালাম, মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, হুমায়ুন খান, মাখন সরকার, আনোয়ার হোসেন তোতা, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, দফতর-২ এম.এ. রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD