সিরাজগঞ্জের সলঙ্গায় মায়ের কোল থেকে পরে মুরগির খাদ্য বোঝাই ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। এসময় ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় জনতা। তবে চালককে আটক করতে পারেননি।
রোববার (১১ জুলাই) সন্ধ্যায় সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াত হোসেন (৩) সলঙ্গা থানার আগরপুর মল্লিক পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ রোববার সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী সন্তানকে নিয়ে সলঙ্গায় আসছিল শফিকুল। বনবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগির খাদ্য বোঝাই ট্রাক আসলে মানসিক প্রতিবন্ধী এক জনকে দেখে মোটর সাইকেল থামিয়ে নেন শফিকুল। এতে শিশু সোয়াতসহ তার মা মোটর সাইকেল থেকে সড়কের ওপর পরে যায়। এ সময় মুরগির খাদ্য বোঝাই ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায় শিশু সোয়াত।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।