দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ফের সর্বোচ্চ ২৫৮ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকা বিভাগেরই আছেন ৮৪ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জন। আর ঢাকা বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২০৩ জন।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩৯টি পরীক্ষাগারে ৫২ হাজার ৪৭৮টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। এনিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন।
বিভাগওয়ারি মৃতের সংখ্যায় বলা হয়, ঢাকায় ৮৪জন, চট্টগ্রামে ৬১ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ৫০ জন, বরিশালে ১৩ জন, সিলেটে ৭ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ১১ জন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২০২ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩৯ জন, বাসায় ১৫ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এনেছেন ২ জন।
বয়স বিবেচনায় মৃতের সংখ্যায় বলা হয়, ১১ থেকে ২০ বছরের ২ জন, ২১ থেকে ৩০ বছরের ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫৪ জন, ৬১ থেকে ৭০ বছরের ৭৮ জন, ৭১ থেকে ৮০ বছরের ৫০ জন, ৮১ থেকে ৯০ বছরের ১৭ জন, ৯১ থেকে ১০০ বছরের ২ জন।