শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মৃত্যুপথযাত্রী মুসলিম করোনা রোগীকে কলমা শোনালেন হিন্দু চিকিৎসক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট : মানবতাই যে পরম ধর্ম বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যে ধর্মীয় ভেদাভেদ ভুলে সেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের এক নারী চিকিৎসক। মৃত্যুপথযাত্রী এক মুসলিম কোভিড রোগীকে কলমা পড়ে শোনালেন চিকিৎসক রেখাকৃষ্ণা। তিনি দক্ষিণ ভারতের রাজ্য কেরালার তিরুবনন্তপুরমের একটি হাসপাতালের চিকিৎসক। তার সামান্য কাজে বিষণ্ণ এই সময়ে মন ছুঁয়ে গেছে আপামর মানুষের।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি কেরালার পালাক্করের পতম্বিরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোভিড আক্রান্ত এক মুসলিম নারী। সেখানে তার চিকিৎসার দায়িত্বে ছিলেন রেখাকৃষ্ণা। রেখাসহ অন্যান্য চিকিৎসকরাও বুঝতে পারছিলেন, ওই নারীকে সুস্থ করে তোলা কার্যত অসম্ভব। রোগীর বাড়ির সদস্যদের সে কথা জানিয়েও দেন তারা।

করোনা আক্রান্ত হওয়ার কারণে রোগীর সঙ্গে তার পরিবারের কাউকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। গত ১৭ মে রেখা বুঝতে পারেন রোগীর অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। থেমে আসছে হৃদস্পন্দন। তখন চিকিৎসক রেখা ওই রোগীর কানের কাছে গিয়ে কলমা পড়ে শোনান। তা শেষ হওয়ামাত্রই মহিলা গভীর শ্বাস নেন। অদ্ভুত এক প্রশান্তি ছিল তার মুখে। কিছুক্ষণ পরেই নারীর মৃত্যু হয়।

নিজের অভিজ্ঞতার পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে রেখা বলেন, এমনটা যে করব তা আগে থেকে ভাবিনি। মুহূর্তটা এমনই হৃদয়বিদারক ছিল যে আচমকাই করে ফেলি। আমার বড় হয়ে ওঠা দুবাইতে। তাই ইসলাম ধর্ম সম্পর্কে অল্পবিস্তর জানি। সে কারণেই মৃত্যুপথযাত্রী করোনা রোগীর কানে কলমা পড়ে শুনিয়েছিলাম। এটা কোনও ধর্মীয় আচার নয়, মানবিক পদক্ষেপ।

বিষয়টি প্রকাশ্যে আসার পর রেখার মানবিকতাকে কুর্নিশ জানিয়েছেন আপামর মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD